
আল আমিন : কাতার থেকে –
কাতারের রাজধানী দোহায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, কাতারের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনু-এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, কাতারের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ বাবুল আহমেদ সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম এর সঞ্চালনায় – অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আব্দুল মুমিন।
মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর কর্মময় জীবন, সামাজিক কর্মকাণ্ড, মানবিক মূল্যবোধ, আদর্শ ও চারিত্রিক গুণাবলি নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।স্মৃতিচারণে মরহুম রেনুর কর্মময় জীবন
আলোচনায় বক্তারা বলেন, মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনু প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা এবং মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন বক্তারা।
তাঁর দীর্ঘদিনের সংগঠনসংশ্লিষ্টতা, নেতৃত্বের ভূমিকা এবং প্রবাসী কুলাউড়াবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদানের বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।
বক্তারা মরহুমের বিভিন্ন স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। তাঁর রেখে যাওয়া আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, একজন মানুষের পরিচয় তাঁর কর্ম ও মানুষের প্রতি আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর জীবন ও কর্ম প্রবাসী কুলাউড়াবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি কাতারের সভাপতি আবুল বাশার, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহমেদ নবী নোমান, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি আব্দুল খালিক, শহীদুল ইসলাম চৌধুরী জগলু, মাওলানা সাজ্জাদুর রহমান (ইমাম, আলসাদ মসজিদ), সাবেক ছাত্রনেতা তালুকদার সুমন ও শাহ সফর উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সহ-সভাপতি হাজী আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম ফুল, মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ মো. আমির উদ্দিন, অর্থ সম্পাদক রেজাউল করিম সোহাগ, হেলাল আহমেদ, শাহ আজীম উদ্দিন, আল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের বর্তমান সভাপতি মুহাম্মদ বাবুল আহমদ তাঁর বক্তব্যে সংগঠনের আগামী ২০২৬-২৭ ইংরেজি সনের জন্য সভাপতির দায়িত্ব সহ-সভাপতি হাজী আব্দুল হামিদের কাছে হস্তান্তরের ঘোষণা দেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় মোনাজাত
আলোচনা সভা শেষে মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মরহুমের নেক আমল কবুল, ভুল-ত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, দেশ ও জাতির উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি এবং কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুম আব্দুল্লাহ আল মামুন রেনুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিশেষে মাওলানা ফারুক আহমেদ, খতিব ও সাবেক ইমাম, ইজগাওয়া জামে মসজিদের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আল আমিন। 



















