
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় ছোট ভাই মুহিব আহমদ (৪৭) এর হাতে বড় ভাই ফরিদ আহমদ (৫০) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফরিদ স্থানীয় রাঙ্গিছড়া বাজার এলাকার বাসিন্দা মৃত উজির উদ্দিনের বড় ছেলে ও মুহিব হলেন দ্বিতীয় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিব আহমদ ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং মাদক ও ইয়াবা সেবনও করতেন। বিভিন্ন সময় ছোট ভাইকে মাদক সেবনে দেখে বাধা দেন বড় ভাই ফরিদ। এতে ফরিদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মুহিব। মঙ্গলবার রাতে বড় ভাই ফরিদ বাড়ি ফেরার পথে ছোট ভাই মুহিবসহ ৬-৭ জনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন। এসময় মুহিবসহ আরো ৬-৭ জন ক্ষিপ্ত হয়ে ফরিদের ওপর হামলা চালানো হয়। হামলায় ফরিদ আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ফরিদের চোখের ওপর ও কপালে ছয়টি সেলাই লাগে।
অভিযোগের বিষয়ে মুহিব আহমদ বলেন, মাদকের বিষয়টি সঠিক নয়। পারিবারিক বিরোধে আমাদের মধ্যে মারামারি হয়। এতে আমিও আহত হয়েছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে কুলাউড়ায় মাদক বিরোধী অভিযানে রবিরবাজার এলাকায় ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুহিব আহমদ (৪৮) ও তাঁর সহযোগী কামাল আহমদ (২৭)।

মহিউদ্দিন রিপন 





















