কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী (সেফুল)। দীর্ঘদিন ধরে ভাটেরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে জীবনের শেষ সময়টুকু জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবায় কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সম্প্রতি ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকার সম্মানিত মুরব্বি ও যুবকদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী বলেন, জীবনের ছোট-বড় নানা আশা পূরণের পাশাপাশি গত প্রায় ৩৭-৩৮ বছর ধরে ভাটেরা ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। এ সময়ে মসজিদ-মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ, ঈদগাহ ও গোরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, কালভার্ট ও রিং বসানো, নলকূপ স্থাপন, মসজিদে মাইক প্রদান এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বলে জানান।
এ ছাড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ঘর নির্মাণে সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র যেসব আশা করেছি, আল্লাহর রহমতে অনেকগুলোই পূরণ হয়েছে। জীবনের শেষ বয়সে জনপ্রতিনিধি হয়ে ভাটেরা ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে সেবা করার ইচ্ছা রয়েছে। এ জন্য আমি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।”
তিনি আরও জানান, অতীতে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এবারও তিনি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা করছেন।
নিজের ধর্মীয় সফরের কথা উল্লেখ করে মাওলানা সাইফুল আলম সিদ্দিকী বলেন, তিনি দুইবার হজ ও নয়বার ওমরাহ পালন করেছেন। এসব সফরে দেশের মানুষ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য দোয়া করেছেন বলেও জানান তিনি।
নিজের মায়ের শেষ সময়ের একটি স্মৃতিচারণ করে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, তাঁর মা মৃত্যুর আগে তাকে বলেছিলেন—জীবনে যেসব ছোট-বড় আশা করেছেন, আল্লাহ অনেকটাই পূরণ করেছেন; চেয়ারম্যান হওয়ার আশাটিও একদিন পূরণ হবে। মায়ের সেই কথাকে তিনি জীবনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী বলেন, “আমি মাঠে আসছি, আল্লাহর ওপর ভরসা করে। আগের মতো এবারও ভাটেরা ইউনিয়নের সর্বস্তরের মানুষ, দেশ-বিদেশে থাকা ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীরা পাশে থাকবেন—এটাই আমার প্রত্যাশা।”
তিনি দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে ভাটেরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী 









