
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন এবং এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকা থেকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে ছবি রেখে শ্রদ্ধা জানান তিনি।
এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Reporter Name 
















