
কুলাউড়া প্রতিনিধি:
ভালো কাজের স্বীকৃতি ও চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন কুলাউড়া থানার তিন পুলিশ সদস্য।
শনিবার (২৩ মে) মৌলভীবাজার পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা, উপ-পরিদর্শক (এসআই) জুনেদ আহমদ এবং এএসআই আরিফুল ইসলামের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার
এর আগে, সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে রাষ্ট্রীয় কায়দায় ‘গার্ড অব অনার’ প্রদান করে।
সভা ও দাবি-দাওয়া
পুলিশ লাইন্সে আয়োজিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের দক্ষ, কর্মঠ পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন কল্যাণমূলক দাবি ও প্রস্তাবনা ডিআইজির কাছে উপস্থাপন করেন। ডিআইজি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জনগণের আস্থা অর্জনে পুলিশকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
ড. মো. জিল্লুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ।
বৃক্ষরোপণ ও অপরাধ পর্যালোচনা সভা
পুরস্কার বিতরণ ও কল্যাণ সভা শেষে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন।
এরপর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

Reporter Name 













