
উপজেলা প্রতিনিধি কুলাউড়া :
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই বাজেটে জনকল্যাণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
অনুষ্ঠানে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল বাজেটের বিভিন্ন খাত বিস্তারিত উপস্থাপন করেন। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৩১৯ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ২৮ লাখ টাকা। এতে ১৬ লাখ ৬২ হাজার ৭১৯ টাকা ৬১ পয়সা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বরাবরের মতোই বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক ও ইউএনও সানজিদা আক্তার বলেন, এটি একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। আর এই লক্ষ্য অর্জনে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 








