
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের ঐতিহ্যবাহী ভাটারা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা সেবা, ওষুধ এবং রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী ক্যাম্পের আয়োজন করা হয়।
আমেরিকার বাফেলো ভিত্তিক মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’ (ShahJaan’s Healthcare Training And Service, Buffalo, USA)-এর সৌজন্যে ও অর্থায়নে এবং শাহ আব্দুস শুকুর ও শাহ বদর-এর যৌথ পরিচালনায় সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
১০ জুলাই (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে মেডিসিন, সার্জারি, শিশু রোগ (পেডিয়াট্রিকস) এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞসহ দেশের ৮ জন অভিজ্ঞ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে নিয়োজিত চিকিৎসকগণ হলেন— ডা. মেহেদী হাসান (মেডিসিন), ডা. মাহফুজ ইসলাম (সার্জারি), ডা. আলী হাসান শাওন (শিশু রোগ), ডা. ফারসিনা আহমেদ মা (প্রসূতি ও স্ত্রীরোগ), ডা. নিরুপমা দাস (শিশু রোগ), ডা. অরনি খান (প্রসূতি ও স্ত্রীরোগ), ডা. শাহ মো. আফজাল বিন ফয়েজ রাহাত (মেডিসিন) এবং ডা. মতিউর রহমান ফুজায়েল (অর্থোপেডিকস)।
কর্মসূচি চলাকালীন ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি, লন্ডন প্রবাসী শাহ আব্দুল মতলিব, ইউপি সদস্য শাহ আব্দুল লতিফ, লন্ডন প্রবাসী শাহ আব্দুস সালাম, ভাটারা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস সামাদ, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ শাহ ছালেক আহমদ, দুবাই প্রবাসী হাজী কয়েছ আহমদ এবং ভাটেরা স্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘শাহজান’স হেলথকেয়ার ট্রেইনিং এন্ড সার্ভিস’ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে এমন মানবিক উদ্যোগ নেওয়ায় তারা আয়োজকদের ধন্যবাদ জানান।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন প্রায় ৫০ জনেরও বেশি উৎসর্গীকৃত স্বেচ্ছাসেবী কর্মী, যাদের অক্লান্ত পরিশ্রমে পুরো কার্যক্রমটি সফল হয়। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৩০০ জনের মতো রোগী উপস্থিত হয়ে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও স্লিপ নেন। পরবর্তীতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আসা অধিকাংশ রোগীদেরই সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধপত্র সামগ্রী প্রদান করা হয়। এছাড়া কয়েকশত মানুষের রক্তের গ্রুপও বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে।

Reporter Name 








