
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, আমরা দীর্ঘদিন অন্যের ওপর নির্ভরশীল ছিলাম। এখন আমাদের মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হতে হবে। সেই লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা রেদওয়ান খান, এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আলম খান, ভেটেরিনারি সার্জন ডা: মো: মহিউদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, সাংবাদিক নাজমুল বারী সোহেলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি, ভেটেরিনারি চিকিৎসক এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের ভূমিকা এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।