মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মো. আলী জিবান (৮) এবং একই গ্রামের লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। পরে সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে অনুসন্ধান চালিয়ে পানিতে তাদের মরদেহ দেখতে পান স্বজনরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর মরদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দুই শিশুর মৃত্যুতে গৌরীশংকর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।