
আলী আহমদ রিপন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের রাজনগর উপজেলার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং রাজনগর উপজেলা প্রশাসন ও রাজনগর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, সহ-সভাপতি আশরাফুজ্জামান খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার, সিলেটের সুনামধন্য শিল্পী এস ডি শান্ত। তাঁর পরিবেশনার একপর্যায়ে উপস্থিত দর্শক-শ্রোতা ও শিল্পীর অনুরোধে মঞ্চে গান পরিবেশনে অংশ নেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
হঠাৎ ইউএনওকে গান পরিবেশন করতে দেখে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ। তাঁর গান পরিবেশনের সময় উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে তাঁকে উৎসাহিত করেন। গান শেষে উপস্থিতদের মধ্যেও দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।
অনুষ্ঠান শেষে নিজের গান পরিবেশনের প্রসঙ্গে ইউএনও বিপুল সিকদার বলেন,
আজকের এই অনুষ্ঠানে আমি গান গাইব—এটা আসলে কল্পনাই করিনি। আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কিন্তু উপস্থিত দর্শক-শ্রোতা এবং শিল্পী এস ডি শান্তের অনুরোধে শেষ পর্যন্ত গান গাইলাম।
তিনি আরও বলেন, “জানি না কেমন হয়েছে। তবে গানচর্চা শরীর ও মনের জন্য অনেকটা উপকারী।
এদিকে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে।
নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।