
মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া পৌর শহরের দীর্ঘদিনের যানজট, অবৈধ পার্কিং ও যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের চলমান অভিযানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা হস্তক্ষেপ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক নেতাদের নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শওকতুল ইসলাম বলেন, জনস্বার্থে গত ১৯ আগস্ট কুলাউড়া শহরে যানজট নিরসনে সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তাঁর বিরুদ্ধে শ্রমিকদের আপত্তিকর স্লোগান দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে অভিযান পরিচালনা করবেন। প্রয়োজন হলে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা প্রয়োজন, প্রশাসনকে তা করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের অভিযানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে এমপি বলেন, পরিবহন শ্রমিকের পাশাপাশি বিএনপির কোনো ব্যক্তি এ ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো কারণেই রাস্তা অবরোধ করা যাবে না। রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং দোকান-মার্কেটের সামনে যত্রতত্র দোকান বসানোর কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে প্রশাসনকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। প্রয়োজনে জেল ও জরিমানার ব্যবস্থাও করতে হবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, ট্রাফিক পুলিশের এসআই দীপক দে, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯)-এর সভাপতি আলী হাসান জাহাঙ্গীর, জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, উপজেলা সহ-সভাপতি সুয়াবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমদ মান্না, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
এদিকে, গত ১৯ আগস্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাসের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ার ঘটনায় সভায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, যানজট নিরসনে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে ইতোমধ্যে কয়েক দফা আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহরের বিভিন্ন স্থানে সর্বোচ্চ দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবারের সভায়ও পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
তিনি জানান, আগামী রবিবার থেকে কুলাউড়া শহরে যানজট নিরসনে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। শহরকে সুন্দর ও যানজটমুক্ত রাখতে পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।