
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাকারবার-সংক্রান্ত একটি মামলা রয়েছে।
ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।