কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।
"মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি ডাকাতি ও ছিনতাই এবং বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন স্টেশন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সন্ধায় ভাটেরা স্টেশন বাজারে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ ও ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতি।
সভায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হৃদয় আহমদ সদর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
বিশেষ অতিথি ভাটেরা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, থানার উপ পরিদর্শক সংশ্লিষ্ট বিটের দায়িত্বরত কর্মকর্তা আফসার ভূইয়া, ভাটেরা ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আব্দুল করিম, ইউপি সদস্য শাহ আব্দুল লতিফ প্রমূখ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সুদ-জুয়া, চুরি, সন্ত্রাস, কিশোর গ্যাং- নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইলে ক্যাসিনো ও সাইবার ক্রাইম দমনে পুলিশ তৎপর। জনগণের পুলিশ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

সভায় ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের আরও কাছে আসতে পারছে, সহজে তথ্য দিতে পারছে এবং সেবা গ্রহণ করতে পারছে। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত এলাকাভিত্তিক সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পুলিশ প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করে তোলা হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোবাইলঃ 01712-823054
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।