
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে কুকুরের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম আলী। তিনি উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার একজন সদস্য।
১৩ মার্চ ২০২৬ইং শুক্রবার দিবাগত-রাত কুলাউড়া শহর থেকে নিজ বাড়ি ঘাগটিয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাওয়ার সময় নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের পাশ দিয়ে অতিক্রম করার সময় রাস্তার পাশ থেকে একটি কুকুর হঠাৎ তেড়ে এলে মোটরসাইকেলের সামনে ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আহত হন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। দুর্ঘটনায় তার হাত-পায়ের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক ইব্রাহিম আলী কুলাউড়া উপজেলার সাংবাদিক অঙ্গনে সুপরিচিত ও সক্রিয় সংবাদকর্মী। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সবার কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।
এ বিষয়ে সাংবাদিক ইব্রাহিম আলী বলেন, কুলাউড়া শহরে কুকুরের উপদ্রব এখন সাধারণ মানুষের জন্য বড় সমস্যায় পরিণত হয়েছে। সম্প্রতি একাধিক ব্যক্তিকে কুকুর কামড়ানোর ঘটনাও ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Reporter Name 












